বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে ব্যাংকগুলোর মোট ঋণের প্রায় ৩৬ শতাংশ খেলাপিতে পরিণত হলেও ১৭টি ব্যাংকের খেলাপি ঋণ ৫০ শতাংশের ওপরে। উচ্চ খেলাপির কোনো কোনো ব্যাংক আমানতকারীর টাকা যথাসময়ে ফেরত দিতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত এক বছরে খেলাপি ঋণ বেড়েছে দ্বিগুণের বেশি। সংশ্লিষ্টরা জানান, গত আওয়ামী লীগ সরকারের সময়ে ঋণের নামে বিপুল অর্থ বের করা হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে যা বিদেশে পাচার হয়েছে।
৫০ শতাংশের বেশি যেসব ব্যাংকের খেলাপি: ব্যাংকগুলোর মধ্যে ৯০ শতাংশের বেশি খেলাপি হওয়া ব্যাংকের তালিকায় রয়েছে ছয়টি ব্যাংক- ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক।
বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে খেলাপি ঋণের শীর্ষে রয়েছে এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ।
রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকগুলোর মধ্যে খেলাপি ঋণের শীর্ষে রয়েছে জনতা ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রূপালী ব্যাংক। খারাপ অবস্থায় পড়া এসব ব্যাংকের মধ্যে প্রাথমিকভাবে শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।