Ridge Bangla

১৬ ডিসেম্বর জাতির অহংকার ও ত্যাগের মহাকাব্যিক দিন: তারেক রহমান

মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক দিন।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় অর্জিত হয়। অদম্য সাহস আর জীবনবাজি রেখে বীর মুক্তিযোদ্ধারা এই বিজয় ছিনিয়ে এনেছেন। তিনি স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ত্যাগ স্বীকারকারী মা-বোনদের সশ্রদ্ধ সালাম জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল, তা বারবার ফ্যাসিস্ট শাসনের মাধ্যমে বাধাগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন ধরে গণতন্ত্র, ভোটাধিকার, বাকস্বাধীনতা ও নাগরিক অধিকার হরণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, দেশ শত্রুমুক্ত হলেও স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী চক্রান্ত এখনো চলমান। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এসব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে।

তারেক রহমান অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান। বিজয় দিবসের প্রেরণায় বিভাজন ও হিংসা পরিহার করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করার আহ্বান জানান তিনি।

This post was viewed: 26

আরো পড়ুন