Ridge Bangla

১৫ বছর পর চাকরিতে ফিরলেন বরখাস্ত হওয়া সাবেক ডিসি কোহিনূর

প্রায় দেড় দশক আগে বরখাস্ত হওয়া পুলিশের সাবেক উপকমিশনার (ডিসি) মো. কোহিনূর মিয়াকে পুনরায় চাকরিতে বহাল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি জারি করা তার বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে বরখাস্তকালীন পুরো সময়কে চাকরিকাল হিসেবে গণ্য করে বিধি অনুযায়ী তার বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কোহিনূর মিয়ার বিরুদ্ধে দুটি বিভাগীয় মামলার ভিত্তিতে তাকে বরখাস্ত করা হয়েছিল। তবে একই অভিযোগে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলোর বিচার শেষে আদালত তাকে নির্দোষ ঘোষণা করে খালাস দেন। পরবর্তীতে তার দণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন রাষ্ট্রপতি মঞ্জুর করায় বরখাস্তের আদেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিএসের ১২তম ব্যাচের এই কর্মকর্তা চারদলীয় জোট সরকারের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তবে ২০০৯ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি একাধিক মামলার মুখোমুখি হন।

২০০৬ সালে রাজধানীর ধানমন্ডিতে শাহিন সুলতানা শান্তা নামে এক নারীকে নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি আদালত এ মামলায় তাকে খালাস দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, সাক্ষীরা ঘটনার বিষয়ে প্রত্যক্ষ কোনো তথ্য দিতে পারেননি, ফলে অভিযোগ প্রমাণিত হয়নি।

এ ছাড়া ২০০৪ সালে ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনকে ঘিরে সংঘর্ষ ও নিহতের ঘটনায় দায়ের হওয়া আরেকটি মামলাতেও তাকে অভিযুক্ত করা হয়েছিল। ২০১১ সালে সিআইডি ওই মামলায় অভিযোগপত্র দাখিল করলেও বিচারিক প্রক্রিয়ায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন।

দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায় ও রাষ্ট্রপতির সম্মতির পর অবশেষে ১৫ বছর পর কোহিনূর মিয়া তার হারানো পদমর্যাদা ও সরকারি সুযোগ-সুবিধা ফিরে পেলেন।

This post was viewed: 2

আরো পড়ুন