লক্ষ্মীপুর পৌর শহরের চকবাজার এলাকায় জারি করা ১৪৪ ধারা অমান্য করে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দুই গ্রুপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ এপ্রিল) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিষেধাজ্ঞা সত্ত্বেও মিছিল বের করলে পুলিশি বাধার মুখে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করেছে। পুলিশ বাধা দিলে তাদের পক্ষ থেকে হামলা করা হয়। এতে সদর থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগের দিন রাতে পৌর এলাকার হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমান এবং জুলাই ফাইটার্সের কর্মী ও ছাত্রদল নেতা আকবর হোসেনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে একই সময় ও একই স্থানে পৃথক কর্মসূচি ঘোষণা করে দুই পক্ষ।
সম্ভাব্য সংঘাত এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন। তবে নিষেধাজ্ঞা অমান্য করায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করতে বাধ্য হয়।