দেশের ১২টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি পরিচ্ছন্নতাকর্মীকে পাঁচ হাজার টাকা করে এ উপহার প্রদান করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে তিনটায় জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসকদের হাতে এ অর্থের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং অন্যান্য সিটি করপোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবেই এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের নিরলস পরিশ্রমের স্বীকৃতি জানাতেই প্রধানমন্ত্রী এ উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি আশা প্রকাশ করে আরও বলেন, প্রধানমন্ত্রীর এই সহায়তা পরিচ্ছন্নতাকর্মীদের পরিবারে ঈদের আনন্দ বাড়িয়ে তুলবে। একই সঙ্গে নগর সেবায় নিয়োজিত কর্মীদের কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।