Ridge Bangla

১২ ফেব্রুয়ারির নির্বাচন সময়মতো হবে, আর কোনো সংশয় নেই: প্রেস সচিব

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এ নিয়ে আর কোনো সংশয় নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মৌসুমের তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে বিপুল মানুষের উপস্থিতিকে তিনি দেশের মানুষের নির্বাচনমুখী প্রস্তুতির স্পষ্ট প্রমাণ হিসেবে উল্লেখ করেন।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে শফিকুল আলম বলেন, সাধারণ নির্বাচন ও গণভোট এখন মাত্র সাত সপ্তাহ দূরে। তাঁর মতে, নির্বাচন সময়মতো হবে কি না- এ নিয়ে তাঁর ব্যক্তিগতভাবে কখনোই সন্দেহ ছিল না। যদিও বিভিন্ন মহলের সমালোচনা ও প্রশ্নের কারণে মাঝে মাঝে সংযত থাকতে হয়েছে, তবে বৃহস্পতিবারের ঘটনাপ্রবাহ নির্বাচন নিয়ে সমালোচকদের মনে থাকা শেষ সন্দেহটুকুও দূর করে দিয়েছে।

প্রেস সচিব আরও বলেন, খুব শিগগিরই জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এরপর হাজার হাজার প্রার্থী নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরে গিয়ে প্রচারণায় নামবেন। একই সঙ্গে ছাপাখানাগুলো পুরোদমে সচল হবে এবং গণমাধ্যমে শুরু হবে নির্বাচনকেন্দ্রিক আলোচনা ও বিতর্ক, যার প্রভাব শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়বে।

স্ট্যাটাসের শেষাংশে শফিকুল আলম বলেন, বাংলাদেশ বর্তমানে গভীর ক্ষত ও ক্রমবর্ধমান বিভাজনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো একটি সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন।

This post was viewed: 11

আরো পড়ুন