প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো চাপ বা গুজবে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মর্স ট্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে পরিকল্পিতভাবে ভুয়া খবর ও অপতথ্য ছড়ানো হচ্ছে। তবে এসব বিভ্রান্তির মধ্যেও অন্তর্বর্তী সরকার নির্ধারিত ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের সিদ্ধান্তে অটল। নির্বাচনের ফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।
তিনি স্পষ্ট করে বলেন, “কে কী বলল, তা বিবেচ্য নয়। ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে- একদিন আগেও নয়, একদিন পরেও নয়।”
ড. ইউনূস জানান, ভোট হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে। নির্বাচনকালীন সময়ে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।
প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে আসন্ন নির্বাচন, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, ভুয়া খবর ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিভ্রান্তিকর প্রচারণা, রোহিঙ্গা সংকট এবং ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন’ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।