আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১৯টি আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় পার্টি–জেপির নেতৃত্বে গঠিত এই নতুন রাজনৈতিক জোট মঙ্গলবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করে।
সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এবং জোটের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন।
ঘোষিত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম–৫), আনোয়ার হোসেন মঞ্জু (পিরোজপুর–২), এবিএম রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী–১), কাজী ফিরোজ রশিদ (ঢাকা–১০), মুজিবুল হক চুন্নু (কিশোরগঞ্জ–৩)সহ জাতীয় পার্টি, জেপি ও শরিক সংগঠনের একাধিক সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
জোটের পক্ষ থেকে জানানো হয়, কিছু আসনে রাজনৈতিক কৌশলগত কারণে একাধিক প্রার্থী রাখা হয়েছে। এসব আসনের মধ্যে রয়েছে ঢাকা–১০, ঢাকা–১৭, বরিশাল–৬, শেরপুর–১, শরীয়তপুর–১ ও ঢাকা–১৮সহ মোট ১১টি আসন। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য রাজনৈতিক বিকল্প হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে।