Ridge Bangla

হ্যাডলির ৪০ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস জ্যাকব ডাফির

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দাপুটে পারফরম্যান্সের মাধ্যমে নিউজিল্যান্ড ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন পেসার জ্যাকব ডাফি। মাউন্ট মঙ্গানুই টেস্টে পাঁচ উইকেট শিকার করে ক্যারিবীয়দের গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি তিনি ভেঙেছেন কিংবদন্তি রিচার্ড হ্যাডলির প্রায় চার দশক পুরোনো রেকর্ড।

এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি এখন ডাফির দখলে। ২০২৫ সালে তিন সংস্করণ মিলিয়ে ৩৬ ম্যাচে ১৭.১১ গড়ে তিনি শিকার করেছেন মোট ৮১ উইকেট। এর আগে ১৯৮৫ সালে রিচার্ড হ্যাডলি ২৩ ম্যাচে ৭৯ উইকেট নিয়ে এতদিন রেকর্ডটি ধরে রেখেছিলেন।

চলতি বছরের আগস্টে টেস্ট অভিষেক হওয়া ৩১ বছর বয়সী এই পেসার স্বল্প সময়েই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কিউই বোলিং আক্রমণের অন্যতম ভরসা হিসেবে। মাত্র চারটি টেস্ট খেলেই ডাফি নিয়েছেন ২৫ উইকেট, যার মধ্যে রয়েছে তিনবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি। ওয়ানডে সংস্করণেও তার পারফরম্যান্স চোখে পড়ার মতো- ১১ ম্যাচে ২১ উইকেট। টি-টোয়েন্টিতে ২১ ম্যাচে তিনি শিকার করেছেন আরও ৩৫ উইকেট।

অন্যদিকে, রিচার্ড হ্যাডলি ১৯৮৫ সালে ১০টি টেস্টে ৬৪ উইকেট এবং ১৩টি ওয়ানডেতে ১৫ উইকেট নিয়েছিলেন, যা দীর্ঘদিন কিউই ক্রিকেটে এক অনন্য মানদণ্ড হিসেবে বিবেচিত ছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড থেকে এখনও অনেক দূরে ডাফি। ২০০১ সালে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ৪৫ ম্যাচে ১৩৬ উইকেট নিয়ে সেই রেকর্ড গড়েন। তবুও হ্যাডলির রেকর্ড ভেঙে ডাফি যে নিউজিল্যান্ড ক্রিকেটের নতুন নায়ক হয়ে উঠছেন, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।

This post was viewed: 16

আরো পড়ুন