মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ। রোববার (২৩ নভেম্বর) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি জানান, দণ্ডিত দুই আসামিকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে গত শুক্রবার (২১ নভেম্বর) ভারতের রাজধানী দিল্লিতে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রায় কার্যকর করতে বাংলাদেশ তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভারত সরকারের সহযোগিতা প্রত্যাশা করছে।
এর আগে ১৭ নভেম্বর জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে। রায়ে ট্রাইব্যুনাল জানায়, শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। অন্যদিকে, মামলায় রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনার এটি প্রথম রায়।