Ridge Bangla

হানি ট্র্যাপে ফেলে চিকিৎসকের আপত্তিকর ভিডিও ধারণ, নারীসহ ৪ জন গ্রেপ্তার

ত্রিশাল উপজেলায় ‘হানি ট্র্যাপ’ কৌশল ব্যবহার করে এক চিকিৎসককে ফাঁদে ফেলে টাকা আদায়ের অভিযোগে নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বীররামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

ভুক্তভোগী চিকিৎসক ডা. শফিকুল ইসলাম, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্প্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তিনি মামলায় জানিয়েছেন, গত ১৬ নভেম্বর ‘জুই চৌধুরী’ নামের একটি ফেক ফেসবুক আইডি থেকে ৫ নম্বর আসামি তানিয়া আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। নিয়মিত আলাপের পর তানিয়া তাকে ত্রিশালে দেখা করার জন্য বলেন।

১৯ নভেম্বর বিকেলে ত্রিশালে পৌঁছালে আসামি সিয়াম তাকে একটি ভাড়া ফ্ল্যাটে নিয়ে যায়। কক্ষে কথা বলার সময় রবিউল মোল্লা, আবুল বাশার ও ফরিদুল ইসলাম হঠাৎ ঢুকে পড়েন। পাশের রুম থেকে সোনালী আক্তার, রজিনা আক্তার ও রাবেয়া আক্তারসহ আরও কয়েকজন তাকে ঘিরে ফেলে। পরিকল্পিতভাবে তার আপত্তিকর ভিডিও ও স্থিরচিত্র ধারণ করা হয়। পরে তাকে ১০ লাখ টাকা দিতে চাপ দেওয়া হয় এবং টাকা না দিলে হত্যা ও মরদেহ গুমের হুমকি দেওয়া হয়।

ভয় দেখিয়ে প্রথমে ২২ হাজার ৫০০ টাকা নেওয়া হয়। এরপর বিকাশের মাধ্যমে আত্মীয়দের সাহায্যে ২ লাখ ৮০ হাজার টাকা পাঠাতে বাধ্য করা হয়। পরে পুলিশে খবর দিলে ত্রিশাল থানা পুলিশ অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ৫৬ হাজার ৮৫০ টাকা ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য আসামি শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

This post was viewed: 20

আরো পড়ুন