ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিকভাবে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সোমবার (৯ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এ মামলার আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে আনার প্রক্রিয়া চলছে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, শিগগিরই তাদের ফিরিয়ে আনা সম্ভব হবে।
আইজিপি বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশের পক্ষ থেকে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। ওই তালিকার ভিত্তিতে দেশব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা জোরদারের কথাও জানান তিনি। ঈদযাত্রায় ছিনতাই, ডাকাতি বা চাঁদাবাজির মতো অপরাধ বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে সম্ভাব্য অসন্তোষ প্রসঙ্গে আইজিপি জানান, এ বিষয়ে বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে আলোচনা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। পাশাপাশি জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।