Ridge Bangla

হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট, ১১ জন গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, মামলাটি দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, তদন্ত শেষে ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। এ মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ডিবি প্রধান বলেন, তদন্তে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের সম্পৃক্ততার পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে। মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যেই চার্জশিট দাখিল করা হবে। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি বলেন, হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারির মধ্যে দাখিলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার এই মামলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। দ্রুত ও ন্যায়বিচার নিশ্চিত করতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

This post was viewed: 27

আরো পড়ুন