Ridge Bangla

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আবারও রাজধানীর শাহবাগ চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর এ কর্মসূচি শুরু হলে শাহবাগ মোড়ের এক পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছালে সেখানে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীরা ‘তুমি কে, আমি কে- হাদি হাদি’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘আমরা সবাই হাদি হবো’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’সহ নানা স্লোগান দেন। এতে শাহবাগ এলাকা উত্তাল হয়ে ওঠে।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো বৈঠক হলে তা হতে হবে প্রকাশ্যে, গোপন কোনো আলোচনা মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চলবে। ভারত কিংবা অন্য কোনো শক্তির প্রভাব খাটানোর চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

This post was viewed: 27

আরো পড়ুন