ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে টিএসসি হয়ে শাহবাগ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় পুরো প্রাঙ্গণ স্লোগানে মুখর হয়ে ওঠে।
বিক্ষোভকারীরা “হাদি হত্যার বিচার চাই”, “আমরা সবাই হাদি হবো”, “যুগে যুগে লড়ে যাবো”, “ভারত না বাংলাদেশ? বাংলাদেশ বাংলাদেশ” সহ নানা স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, তরুণ প্রজন্মকে অবহেলা করে কখনোই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, ন্যায়বিচার ও নিরাপদ ভবিষ্যতের দাবিতে তরুণদের যে আন্দোলন শুরু হয়েছে, তা দমিয়ে রাখা যাবে না।
তিনি আরও বলেন, শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করে কেউ কেউ ভেবেছিল স্বাধীনতার প্রশ্ন, সীমান্ত সুরক্ষা কিংবা চলমান আন্দোলন থামিয়ে দেওয়া যাবে। কিন্তু এই হত্যাকাণ্ড তরুণ সমাজকে আরও ঐক্যবদ্ধ ও সচেতন করেছে।
আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চের আন্দোলন চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও ঘোষণা দেন তিনি।