শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামিকে দেশ ছেড়ে পালাতে সহায়তার অভিযোগে ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স। শনিবার (১৪ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে এসটিএফের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফিলিপ সাংমা একজন বাংলাদেশি নাগরিক। তিনি হাদি হত্যা মামলার প্রধান দুই অভিযুক্তকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর বাইপাসসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের ধারণা, দীর্ঘদিন ধরে তিনি অর্থের বিনিময়ে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত ছিলেন।
এর আগে গত ৮ মার্চ পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। পরে রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ফিলিপ সাংমার সন্ধান পাওয়া যায়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা রিকশায় থাকা স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।