রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরে এসেছে। তিনি বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে দেশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ করতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, পাট বাংলাদেশের সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। একই সঙ্গে এটি দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি। পাট একদিকে কৃষিপণ্য, অন্যদিকে শিল্প ও রপ্তানি পণ্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং পলিথিন ও প্লাস্টিকের ক্ষতিকর প্রভাবের কারণে বিশ্বজুড়ে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ছে। এই বাস্তবতায় পাট ও পাটজাত পণ্যের সম্ভাবনাও বাড়ছে। চাষিদের উদ্দেশে রাষ্ট্রপতি উন্নত প্রযুক্তিনির্ভর উচ্চ ফলনশীল পাট চাষে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে উদ্যোক্তাদের বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক ও মানসম্মত পাটজাত পণ্য উদ্ভাবনের পরামর্শ দেন।