Ridge Bangla

হরিণ শিকারের ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার

বাগেরহাটের মোংলা উপজেলার শরকির খালসংলগ্ন সুন্দরবনে চোরা শিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়া একটি রয়েল বেঙ্গল টাইগারকে সফলভাবে উদ্ধার করেছে বন বিভাগ। রোববার (৪ জানুয়ারি) সকালে বিশেষজ্ঞ দল অভিযান চালিয়ে বাঘটিকে ফাঁদমুক্ত করে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, মোংলার বৌদ্ধমারী ও জয়মনি এলাকার মধ্যবর্তী শরকির খালপাড়সংলগ্ন বনের ভেতরে বাঘটি শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়ে। বিষয়টি জানার পরপরই বন বিভাগ এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে পুরো এলাকা ঘিরে রাখা হয়।

তিনি বলেন, খালপাড় থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে অবস্থান করছিল বাঘটি। রোববার সকালে ঢাকা থেকে আগত বন বিভাগের ভেটেরিনারি সার্জনের তত্ত্বাবধানে উদ্ধার অভিযান শুরু হয়। প্রয়োজন অনুযায়ী ট্র্যাংকুলাইজার গান ব্যবহার করে বাঘটিকে নিয়ন্ত্রণে এনে নিরাপদে ফাঁদ থেকে মুক্ত করা হয়।

বন বিভাগ সূত্র জানায়, উদ্ধার শেষে বাঘটির শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে গুরুতর কোনো আঘাত পাওয়া যায়নি। তবে চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য বাঘটিকে সাময়িকভাবে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনে তাকে খুলনা বা ঢাকার রেসকিউ সেন্টারে পাঠানো হবে।

বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনে অবৈধ শিকার ও ফাঁদ পাতা বন্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

This post was viewed: 22

আরো পড়ুন