Ridge Bangla

হরমুজে যুদ্ধজাহাজ প্রবেশে কঠোর হুঁশিয়ারি ইরানের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বিদেশি সামরিক নৌযানের আনাগোনা নিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)-এর নৌ শাখা স্পষ্ট জানিয়েছে, এই জলসীমায় যেকোনো ধরনের অনধিকার প্রবেশ বা উস্কানিমূলক তৎপরতার উপযুক্ত জবাব দেওয়া হবে।

শনিবার (১১ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেসটিভির এক প্রতিবেদনে এই সতর্কবার্তার কথা জানানো হয়। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালির ওপর তাদের বাহিনীর ‘স্মার্ট ও পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। বর্তমানে এই অঞ্চল দিয়ে চলাচলকারী প্রতিটি নৌযানের ওপর নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয় যে, আন্তর্জাতিক নিয়ম মেনে শুধুমাত্র বাণিজ্যিক ও বেসামরিক জাহাজগুলোকেই এই পথে নির্বিঘ্নে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। নিরাপত্তার স্বার্থে সামরিক জাহাজগুলোর ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে তেহরান।

সম্প্রতি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে যে খবর চাউর হয়েছে, সেটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আইআরজিসি। ওয়াশিংটনের দাবি নাকচ করে দিয়ে ইরান সতর্ক করে বলেছে, নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে কোনো বিদেশি রণতরি এই জলসীমায় ঢোকার চেষ্টা করলে তাদের চূড়ান্ত ও কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুট নিয়ে ইরানের এমন অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি ও বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে উত্তাপ আরও বাড়াচ্ছে।

This post was viewed: 7

আরো পড়ুন