Ridge Bangla

হজ: মুসলিম উম্মাহর ঐক্যের মহাসম্মেলন

ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর একটি হলো হজ। এ ইবাদত আত্মসামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। যেই কাবা ঘরকে কেন্দ্র করে হজব্রত পালন করা হয়, সেটিই পৃথিবীর প্রথম ঘর, যা মহান আল্লাহ নিজ হাতে নির্মাণের নকশা দিয়েছেন। কাবা ঘর মানবজাতির ইতিহাসে আলোর দিশারি এবং রহমতের কেন্দ্রবিন্দু।

পবিত্র কোরআনে আল্লাহ বলেন, “নিশ্চয়ই মানবজাতির জন্য প্রথম যে ঘর নির্মিত হয়েছে, তা বরকতময় ও বিশ্বজগতের দিশারি… যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে সেই ঘরের হজ করা তার অবশ্য কর্তব্য।” (সুরা আলে ইমরান: ৯৬-৯৭)

হজ: ইসলামের পঞ্চস্তম্ভের একটি

রাসুলুল্লাহ (সা.) বলেন, “ইসলাম পাঁচটি বিষয়ের ওপর প্রতিষ্ঠিত—আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল, নামাজ কায়েম, জাকাত প্রদান, রোজা পালন ও হজ পালন।” (বোখারি: ৮)

আত্মসমর্পণের অনন্য প্রকাশ

হজ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পূর্ণ আত্মসমর্পণের প্রতীক। হাজীরা ইহরাম পরে আল্লাহর ঘরে আসেন শুধুই প্রভুর প্রেমে। তাদের কণ্ঠে উচ্চারিত হয়, “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।” ইহরাম, তাওয়াফ, আরাফা, সাফা-মারওয়া, মুজদালিফা, কোরবানি, রমি- সব আনুষ্ঠানিকতায় ফুটে ওঠে ইমানের সৌন্দর্য ও আত্মনিবেদন।

সমতা ও ভ্রাতৃত্বের অনুপম দৃষ্টান্ত

হজে ধনী-গরিব, রাজা-প্রজা, শ্বেত-শ্যাম, শিক্ষিত-অশিক্ষিত- সবাই এক কাতারে। পরনে একই সাদা পোশাক, মাথায় খোলা আকাশ, পায়ে মরুর ধূলা। কেউ কারো চেয়ে বড় নয়, সবাই শুধুই আল্লাহর বান্দা।

বিশ্ব মুসলিমের ঐক্যের প্রতীক

হজ বিশ্বের মুসলমানদের ঐক্যের মহান মিলনমেলা। বিভিন্ন দেশ, ভাষা, সংস্কৃতি পেরিয়ে লাখো মুসলমান কাবাঘরে মিলিত হন এক আল্লাহর ডাকে সাড়া দিতে। এক কাতারে দাঁড়িয়ে তারা জানিয়ে দেন, “আমরা এক উম্মাহ, এক লক্ষ্য—আল্লাহর সন্তুষ্টি।”

হজে নিষ্পাপ হওয়ার সুযোগ

হজ মানুষকে করে নতুন করে পবিত্র। রাসুল (সা.) বলেন, “যে ব্যক্তি হজ করল এবং অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত থাকল, সে হজ শেষে এমন নিষ্পাপ হয়ে ফিরবে, যেমনটি তার জন্মের দিন ছিল।” (বোখারি: ১৫২১)

হজের পুরস্কার জান্নাত

রাসুল (সা.) আরও বলেন, “হজ ও ওমরা অভাব ও পাপ দূর করে দেয়, যেমন হাঁপর লোহা পরিষ্কার করে। আর কবুল হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত।” (তিরমিজি: ৮১০)

হজ কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়—এটি মুসলিম উম্মাহর আত্মিক বিশুদ্ধতা, পারস্পরিক ভ্রাতৃত্ব ও আল্লাহর প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ।

This post was viewed: 53

আরো পড়ুন