আগামী ২০২৭ সালের হজ প্যাকেজে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
মন্ত্রী বলেন, হজযাত্রীদের সুযোগ-সুবিধা, চাহিদা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে ভবিষ্যৎ প্যাকেজ প্রণয়ন করা হবে। বিশেষ করে ব্যয় সহনীয় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি আরও জানান, ২০২৬ সালের হজ প্যাকেজ ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ঘোষিত প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ অংশের বেশিরভাগ খরচ পরিশোধ করা হয়েছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভিসাসহ সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
ধর্মমন্ত্রী জানান, আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। এজন্য সংশ্লিষ্ট সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।