Ridge Bangla

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান: সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। একাত্তরের মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, শহীদ, যুদ্ধাহত ও সব মুক্তিযোদ্ধার ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে “নতুন বাংলাদেশের পথে অগ্রযাত্রার” সুযোগ হিসেবে উল্লেখ করে বলেন, নির্বাচন যেন শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং সবার অংশগ্রহণে হয় সেজন্য সবার সহযোগিতা কামনা করেন।

তিনি সশস্ত্র বাহিনীর প্রতি দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনসহ সব রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আহ্বান জানান। দেশের স্বাধীনতা রক্ষা, দুর্যোগ মোকাবিলা, অভ্যুত্থানের সময় জনতার পাশে দাঁড়ানোসহ সবক্ষেত্রে সশস্ত্র বাহিনীর অবদান তিনি তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আমলে সশস্ত্র বাহিনীর উন্নয়ন উপেক্ষিত হলেও বর্তমান অন্তর্বর্তী সরকার বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। একই সঙ্গে ছাত্র ও যুবসমাজকে সম্পৃক্ত করতে বিএনসির কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত অভিযানে মুক্তিযুদ্ধ নতুন গতি পায় এবং এর ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। তিনি জানান, গত কয়েক দশকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বে আস্থা অর্জন করেছে এবং নারী শান্তিরক্ষী প্রেরণেও শীর্ষ দেশগুলোর একটি হিসেবে পরিচিতি পেয়েছে।

This post was viewed: 19

আরো পড়ুন