সড়ক, রেল, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করা মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের একান্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত হাসনাত মোর্শেদ বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা। গত বছরের ১৮ আগস্ট তিনি জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের পিএস হিসেবে দায়িত্ব পান। তবে বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে আট মাসের মাথায় তাঁকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়।
প্রসঙ্গত, উপদেষ্টাদের পছন্দ অনুযায়ী উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে একান্ত সচিব নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছিল। সেখানে বলা হয়, উপদেষ্টা যত দিন পদে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন, তত দিন পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা পিএস পদে বহাল থাকবেন।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্বে যোগ দিচ্ছেন হাসনাত মোর্শেদ ভূঁইয়া।