স্পেনের দক্ষিণাঞ্চলের কর্দোবা শহরের কাছে দুটি হাই-স্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭০ জনের বেশি, যাদের মধ্যে অন্তত ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে সোমবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে নিহতের সংখ্যা নিশ্চিত করেন। এর আগে কয়েকটি গণমাধ্যমে মৃতের সংখ্যা ২৫ বলে উল্লেখ করা হয়েছিল।
স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগামী ট্রেন কর্দোবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আদামুজ এলাকার কাছে অজ্ঞাত কারণে লাইনচ্যুত হয়। ওই ট্রেনে ৩১৭ জন যাত্রী ছিলেন। লাইনচ্যুত ট্রেনটি পাশের লাইনে চলাচলরত মাদ্রিদ-হুয়েলভাগামী আরেকটি হাই-স্পিড ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আন্দালুসিয়া অঞ্চলের জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও আহতদের সহায়তায় এগিয়ে আসেন। উদ্ধার তৎপরতায় স্পেনের সামরিক জরুরি ইউনিটও অংশ নেয়।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এক বার্তায় তিনি বলেন, এই মর্মান্তিক রেল দুর্ঘটনায় দেশ আজ শোকাহত। রাজপরিবারও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।