দেশের সব সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর হালনাগাদ তথ্য সংগ্রহ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১০ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। ইতোমধ্যে চিঠিটি দেশের সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদ করার লক্ষ্যে অঞ্চলভিত্তিক সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের বিস্তারিত তথ্য নির্ধারিত ছক অনুযায়ী প্রস্তুত করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, সিটি করপোরেশন ও পৌরসভার তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখায়, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ শাখায় এবং ইউনিয়ন পরিষদের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় পাঠাতে হবে।
এসব তথ্য আগামী ১৫ মার্চের মধ্যে জরুরি ভিত্তিতে (হার্ড কপি ও সফট কপি) পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়া, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অঞ্চলভিত্তিকভাবে একীভূত করে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।