নিজের পোষা কুকুরের জন্য ব্যতিক্রমী ও ব্যয়বহুল এক উদ্যোগ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন চীনের সাংহাইয়ের এক তরুণী। সম্প্রতি ওই নারী তার ছয় মাস বয়সী সামোয়েড জাতের একটি কুকুরছানাকে বিশেষায়িত কিন্ডারগার্টেনে ভর্তি করেছেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী, তাওতাও ছদ্মনামের ওই নারী কাজের ব্যস্ততার কারণে নিজের শখের পোষা কুকুরকে সময় দিতে না পারায় এই অভিনব সিদ্ধান্ত নিয়েছেন। যেখানে এই সেবার জন্য তাকে মাসে ব্যয় করতে হবে ১২ হাজার চাইনিজ ইউয়ান, বাংলাদেশি টাকায় যা ২ লাখের বেশি।
উচ্চমূল্যের এই খরচের বিনিময়ে তার কুকুরটি উন্নতমানের আচরণগত প্রশিক্ষণ, সামাজিকীকরণ কার্যক্রম ও প্রতিদিন স্কুল বাসে যাতায়াতের মতো সুবিধা লাভ করবে। ভর্তি কার্যক্রমের শুরুতেই কুকুরটির ব্যক্তিত্ব ও মেজাজ পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হয় তার প্রশিক্ষণের ধরন। যাতে প্রাণীটি অকারণে আগ্রাসী আচরণ না করে।
চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বিস্ময় প্রকাশ করে বলছেন যে, সাধারণ মানুষের সন্তানের কিন্ডারগার্টেনের এক সেমিস্টারের খরচও অনেক সময় এই পরিমাণ হয় না।