Ridge Bangla

সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেবে বাংলাদেশ

সৌদি আরবে বসবাসরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

বৈঠকে সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানের অগ্রগতি ছাড়াও জনশক্তি রপ্তানি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং সৌদি আরবে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ডিফেন্স শো’-তে বাংলাদেশের অংশগ্রহণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও সৌদি আরব দীর্ঘদিনের বন্ধুপ্রতিম দেশ। ইসলাম ধর্মের পবিত্র ভূমি হিসেবে সৌদি আরব যেমন বাংলাদেশিদের কাছে গুরুত্বপূর্ণ, তেমনি দেশটিতে কর্মরত ৩২ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। তিনি সৌদি আরবে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি গ্রহণের আহ্বান জানান।

রাষ্ট্রদূত সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা জানান, এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন ও বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করছে। প্রক্রিয়া ত্বরান্বিত করতে বিশেষ টিমও পাঠানো হয়েছে। তবে পাসপোর্ট এনরোলমেন্টে আবেদনকারীদের উপস্থিতি তুলনামূলক কম থাকায় কাজ কিছুটা ব্যাহত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে জাতীয় নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ প্রস্তুত।

This post was viewed: 33

আরো পড়ুন