সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে মাত্র এক সপ্তাহে ১৮ হাজার ২০০ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ১৫–২১ জানুয়ারি দেশজুড়ে বিশেষ চিরুনি অভিযানে তাদের আটক করা হয় বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বড় অংশ আবাসন আইন, সীমান্ত নিরাপত্তা আইন ও শ্রম আইন লঙ্ঘন করেছে। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদিতে প্রবেশের সময় উল্লেখযোগ্য সংখ্যক অনুপ্রবেশকারী ধরা পড়েছে, যাদের অধিকাংশই ইথিওপিয়ান এবং বাকিরা ইয়েমেনি ও অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি অবৈধ অভিবাসীদের আশ্রয় ও পরিবহনে সহায়তার অভিযোগে কয়েকজন স্থানীয় ব্যক্তিকেও গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনা হয়েছে।
বর্তমানে দেশটিতে ২৫ হাজার ৪৭৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ১৮ হাজার ৬৮৫ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনগুলো।
সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল জরিমানার বিধান রয়েছে। দেশটির বড় অভিবাসী জনসংখ্যার কারণে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত ধরপাকড় অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।