সৌদি আরবের রিয়াদে অপহৃত হন মো. রাসেল নামে এক বাংলাদেশি প্রবাসী। তাঁকে হত্যার হুমকি দিয়ে পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরিবার পরিস্থিতির চাপে পড়ে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রায় ৩৫ লাখ টাকা পাঠায়।
টাকা পাওয়ার পর অপহরণকারীরা রাসেলকে রিয়াদের একটি সড়কে অচেতন অবস্থায় ফেলে যায়। ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী রাসেলের শ্বশুর ঢাকার খিলগাঁও থানায় গত ২১ জানুয়ারি একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তে ব্যাংক লেনদেনের তথ্য বিশ্লেষণ করে সিআইডি জানতে পারে মাগুরার শালিখার জিয়াউর রহমান নামের এক ব্যক্তি অপহরণকারী চত্রের সক্রিয় সদস্য। গত বুধবার (১৯ নভেম্বর) এক অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, সৌদি আরবে অপহরণকারীদের সঙ্গে যোগসাজশে পাঠানো মুক্তিপণের মধ্যে তিনি ৫ লাখ টাকা কমিশন পেয়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে গ্রেপ্তার জিয়াউর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান।