ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় অর্জনের পর সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। নতুন সরকারের মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন- তা নিয়ে যখন নানা জল্পনা-কল্পনা, তখনই টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের নাম সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
তবে এ বিষয়ে সরাসরি নিজের অবস্থান স্পষ্ট করেছেন দেশসেরা এই ওপেনার। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় যে গুঞ্জন ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
পোস্টে তামিম উল্লেখ করেন, “আজ সারাদিন আমাকে নিয়ে বিভিন্ন ধরনের খবর ও গুঞ্জন দেখতে পেয়েছি, যা পুরোপুরি মিথ্যা। এ ধরনের কোনো প্রস্তাব আমি পাইনি।” একই সঙ্গে তিনি গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবাইকে এমন ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
এদিকে তামিমকে নিয়ে ওঠা গুঞ্জনের বিষয়ে বিএনপির পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য মন্ত্রিসভার আকার ও সদস্যদের বিষয়ে নিবিড় পর্যালোচনা করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।