বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় রোববার (৮ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় অত্যন্ত জরুরি। এ প্রেক্ষাপটে পবিত্র রমজান উপলক্ষে ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদের ছুটি কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দিনের বেলা প্রাকৃতিক আলো ব্যবহার করে বৈদ্যুতিক বাতি পরিহার করা, প্রয়োজন ছাড়া লাইট ও ফ্যান বন্ধ রাখা এবং এয়ার কন্ডিশনার ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে পরিচালনা করা।
অফিস কক্ষ ত্যাগের সময় সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা, করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহার না করার কথাও বলা হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার, অফিস শেষে সব ধরনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রাখা, আলোকসজ্জা পরিহার এবং সরকারি গাড়ির ব্যবহার সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।