নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিজয় (২২)-এর ডান হাত কাঁধ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। একই ঘটনায় তাঁর সঙ্গী মাহমুদুল হাসান (২২) গুরুতর আহত হয়ে পা ভেঙে যায়। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সোনাইমুড়ী–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাটালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত বিজয় দেওটি ইউনিয়নের বাসিন্দা এবং হাসান সোনাইমুড়ী পৌরসভার কাটালী গ্রামের জাহিদুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা তাঁদের মোটরসাইকেলটিকে জোরে ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বিজয়ের হাত শরীর থেকে আলাদা হয়ে যায়। ঘটনাস্থলের চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত দুই তরুণকে উদ্ধার করে, বিজয়ের বিচ্ছিন্ন হাতসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। পরে বিজয়ের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার করা হয়। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, বিজয়ের ডান হাত কাঁধ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়েছে। জরুরি ভিত্তিতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।