Ridge Bangla

সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা রোববার থেকে

সরকারের সিদ্ধান্তে ১ ফেব্রুয়ারি থেকে টানা ৯ মাস সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণ বন্ধ থাকবে। এতে দ্বীপটির পর্যটননির্ভর ব্যবসায়ী, শ্রমজীবী ও পরিবহন খাতের মানুষদের মধ্যে তীব্র উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

চলতি মৌসুমের শেষদিন ৩১ জানুয়ারি শনিবার সেন্ট মার্টিন দ্বীপে শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলবে না। সাধারণত ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত দ্বীপটি পর্যটকদের জন্য খোলা থাকলেও এবার সময় কমিয়ে নভেম্বর থেকে ৩১ জানুয়ারি করা হয়। নভেম্বর মাসে পর্যটকদের রাতযাপনও নিষিদ্ধ ছিল।

চলতি মৌসুমে প্রতিদিন গড়ে দুই হাজার করে মোট প্রায় ১ লাখ ২০ হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন। তবে পর্যটকসংখ্যা বেশি হলেও স্থানীয় ব্যবসায়ীরা প্রত্যাশিত লাভ পাননি।

সেন্ট মার্টিনে পর্যটন বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। অধিকাংশই লাভের বদলে লোকসানে রয়েছেন। ফলে দ্বীপবাসীর মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে, কারণ প্রায় সবাই পর্যটনখাতের ওপর নির্ভরশীল।

স্থানীয়দের অভিযোগ, কিছু বড় বিনিয়োগকারী ও ব্যবসায়িক সিন্ডিকেট সুবিধা পেলেও সরকারের বিধিনিষেধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দ্বীপের সাধারণ মানুষ। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত বা আরও কয়েক মাস পর্যটন চালু রাখার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

This post was viewed: 11

আরো পড়ুন