কক্সবাজারে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ডের ঘটনায় এক কর্মচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় জাহাজের ক্রুসহ মোট ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে নোঙর করা অবস্থায় জাহাজটিতে আগুন লাগে।
সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, যাত্রী তোলার প্রস্তুতিকালে হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং জাহাজটি দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয়রা দ্রুত ট্রলার ও স্পিডবোটের সহায়তায় জাহাজের ক্রুদের উদ্ধার করেন।
কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, অগ্নিকাণ্ডে জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও কয়েক ঘণ্টা পরও পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়নি।
ঘটনার পর সেন্টমার্টিনগামী পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাহাজটিতে প্রায় ২০০ যাত্রী যাওয়ার কথা থাকলেও দুর্ঘটনার পর ১২০ জনকে বিকল্প তিনটি জাহাজে করে সেন্টমার্টিন পাঠানো হয়। বাকি যাত্রীদের রোববার যাত্রার ব্যবস্থা করা হবে বলে কর্তৃপক্ষ জানায়। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভও দেখা যায়।