সুইজারল্যান্ডের ক্রান্স-মোনটানা স্কি রিসোর্টে থার্টি ফার্স্ট নাইটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়। এ ঘটনায় দায়ী সন্দেহে একটি বারের ফরাসি ব্যবস্থাপকদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। ভ্যালাই ক্যান্টনের কৌঁসুলি দপ্তর জানিয়েছে, ‘লে কনস্টেলেশন’ নামের ওই বারের দুই ফরাসি ম্যানেজারের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যাকাণ্ড, অবহেলাজনিত শারীরিক ক্ষতি এবং অবহেলাজনিত অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।
এই ঘটনায় আরও অন্তত ১১৯ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে শনাক্ত হওয়া চারজন হলেন ২১ ও ১৬ বছর বয়সী দুই সুইস নারী এবং ১৮ ও ১৬ বছর বয়সী দুই সুইস পুরুষ। এখনো কয়েকজন নিখোঁজ থাকায় পরিবারগুলো উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, শ্যাম্পেন বোতলে লাগানো স্পার্কলার ছাদের খুব কাছে নেওয়ায় আগুনের সূত্রপাত ঘটে। সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন ঘটনাটিকে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডিগুলোর একটি বলে মন্তব্য করেছেন। আহতদের মধ্যে ৭১ জন সুইস, ১৪ জন ফরাসি ও ১১ জন ইতালির নাগরিক। গুরুতর দগ্ধ হওয়ায় নিহতদের শনাক্ত করতে সময় লাগছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।