সুইজারল্যান্ডে নববর্ষ উদ্যাপন চলাকালে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশটির জনপ্রিয় পর্যটন এলাকা ক্রানস মোন্টানায় অবস্থিত একটি মদের দোকানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সুইস পুলিশের বরাতে জানা যায়, বুধবার (১ জানুয়ারি) মধ্যরাতের পর ‘লে কন্সটেলেশন’ নামের ওই মদের দোকানে নতুন বছর বরণ উপলক্ষে উৎসব চলছিল। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় সেখানে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় দোকানটির ভেতরে থাকা অনেকেই গুরুতরভাবে হতাহত হন।
দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আঞ্চলিক দৈনিক ডেইলি লে নোভেলিস ৪০ জন নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছে। অন্যদিকে চিকিৎসা সূত্রের বরাতে ডেইলি ব্লিক জানিয়েছে, হতাহতের সংখ্যা কয়েক ডজন ছাড়িয়ে যেতে পারে। একটি সূত্র দাবি করেছে, এ ঘটনায় অন্তত ১০০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে নিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়। এছাড়া নিখোঁজ ও হতাহতদের স্বজনদের তথ্য দেওয়ার জন্য বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।