Ridge Bangla

সীমান্তে গোলাগুলিতে শিশু আহত: ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি এক শিশু গুরুতর আহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে তলব করেছে বাংলাদেশ সরকার। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করে ঘটনার বিরুদ্ধে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তলবের সময় মিয়ানমারের রাষ্ট্রদূতকে স্মরণ করিয়ে দেওয়া হয়, বাংলাদেশের ভূখণ্ডে অপ্ররোচিতভাবে গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এটি দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশী সম্পর্কের পরিপন্থী।

বাংলাদেশ স্পষ্টভাবে জানায়, ভবিষ্যতে এ ধরনের আন্তসীমান্ত গোলাগুলির ঘটনা বন্ধে মিয়ানমারকেই সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশ আরও উল্লেখ করে, মিয়ানমারের অভ্যন্তরে দেশটির কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যা-ই সংঘটিত হোক না কেন, তার প্রভাব যেন কোনোভাবেই বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার ওপর না পড়ে।

তলবের জবাবে রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো আশ্বস্ত করেন, তাঁর সরকার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি আহত শিশু ও তার পরিবারের প্রতি তিনি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার ৯ বছর বয়সী শিশু হুজাইফা আফনান গুরুতর আহত হয়। বর্তমানে সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা যায়।

এদিকে একই সীমান্ত এলাকায় গতকাল সোমবার (১২ জানুয়ারি) সকালে হোয়াইক্যং সীমান্তে একটি স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় মো. হানিফ (২৮) নামের এক যুবক গুরুতর আহত হন। বিস্ফোরণে তার বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়।

This post was viewed: 6

আরো পড়ুন