Ridge Bangla

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় আটক ৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাবের অভিযানে সন্ত্রাসীদের পাল্টা হামলায় উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হওয়ার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকে পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়। এর অংশ হিসেবে ২৫ জানুয়ারি চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ১৬ নম্বর আসামি মো. মিজানকে গ্রেপ্তার করা হয়।

পরদিন ভোরে বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে মো. মামুন নামে আরও একজন সন্দেহভাজনকে আটক করা হয়। সর্বশেষ আজ (২৭ জানুয়ারি) কক্সবাজার সদর থানার আওতাধীন এলাকা থেকে আলিরাজ হাসান সাগরকে গ্রেপ্তার করে পুলিশ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, আগে গ্রেপ্তার হওয়া তিনজনসহ মোট ছয়জন বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযানের সময় সন্ত্রাসীদের সশস্ত্র হামলার মুখে পড়ে প্রাণ হারান র‍্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভূঁইয়া। হামলাকারীরা এ সময় তিন র‍্যাব সদস্য ও এক স্থানীয় ব্যক্তিকে জিম্মি করে দুর্গম আলীনগর এলাকায় নিয়ে মারধর করে। এ সময় র‍্যাবের চারটি পিস্তল ছিনিয়ে নেওয়া হয়।

এই ঘটনায় সীতাকুণ্ড থানায় দায়ের করা মামলায় জঙ্গল সলিমপুর আলীনগর এলাকার ইয়াসিন বাহিনীর প্রধান মোহাম্মদ ইয়াসিন ও তাঁর সহযোগী নুরুল হক ভান্ডারীসহ ২৯ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি করেছেন র‍্যাবের এক উপসহকারী পরিচালক।

This post was viewed: 7

আরো পড়ুন