Ridge Bangla

সিলেটে বিএনপির নির্বাচনি জনসভায় মঞ্চে উঠলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে বিএনপির প্রথম নির্বাচনি জনসভার মঞ্চে উপস্থিত হয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভার মঞ্চে ওঠেন তিনি।

তার মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। হাত তুলে সকলকে অভিবাদন জানানোর সময় হাজার হাজার নেতাকর্মীও স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান, যা জনসভার মাঠকে প্রকম্পিত করে তোলে।

এর আগে সকালে হোটেল গ্র্যান্ড সিলেটে তরুণ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। স্থানীয় বিএনপি নেতারা শুরু থেকেই বক্তব্য প্রদান করছেন।

জনসভাকে ঘিরে সিলেট নগরী ও আশপাশের এলাকা উৎসবমুখর পরিবেশে ভেসে ওঠে। ভোর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে পৌঁছান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ শুরুর আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপস্থিত হন, কেউ কেউ রাত থেকেই সামিয়ানা টানিয়ে ত্রিপলের নিচে অবস্থান করে।

সকাল সাড়ে আটটার দিকে মিছিল সহকারে জনসভাস্থলে প্রবেশ করেন বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক।

জনসভাকে ঘিরে সিলেট নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনসভাস্থল ও আশপাশে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছেন।

This post was viewed: 6

আরো পড়ুন