Ridge Bangla

সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা: জনসমুদ্র আলিয়া মাদরাসা মাঠ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে দলের বৃহৎ জনসভা অনুষ্ঠিত হচ্ছে। জনসভাকে ঘিরে মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই সিলেট, সুনামগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ের অনেক আগেই আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও এলাকাতেও অবস্থান নেন নেতাকর্মী ও সমর্থকেরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকায় লোকারণ্য পরিস্থিতি সৃষ্টি হয়।

জনসভাস্থল বিএনপির দলীয় পতাকা, ধানের শীষের প্রতিকৃতি এবং চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুনে সাজানো হয়। চারদিকে ‘ধানের শীষ’ ও ‘তারেক রহমান’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

দলীয় সূত্র জানায়, সকাল ১০টায় জনসভা শুরু হলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেলা সাড়ে ১১টার দিকে প্রধান বক্তা হিসেবে মঞ্চে উঠবেন। প্রায় দুই দশক পর তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এই জনসভা থেকেই সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সংসদীয় আসনের বিএনপির প্রার্থীদের জনগণের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তারেক রহমান- এমন প্রত্যাশা দলের নেতাদের।

জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা দেখা গেছে।

উল্লেখ্য, বুধবার রাতে সিলেটে পৌঁছে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

This post was viewed: 7

আরো পড়ুন