জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে সিলেটে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দলের উদ্যোগে বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সমাবেশের উদ্বোধন করা হয়।
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. নুরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মাওলানা আব্দুল বাসিত, ইসলামী ঐক্যজোটের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।
দুপুরের মূল অনুষ্ঠান শুরুর আগেই আলিয়া মাদরাসা মাঠ ও আশপাশের এলাকা স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে। সকাল থেকে চলছিল বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা। নেতাকর্মীরা মনে করছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা, ধর্মীয় মূল্যবোধ রক্ষা ও নাগরিক অধিকারের প্রশ্নে এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাবেশে অংশগ্রহণকারী আট দলের নেতাকর্মীরা একত্রে সরকারের কাছে তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন।