Ridge Bangla

সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ৯ জন

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উল্লাপাড়া উপজেলার তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রূপকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনী প্রচারণার প্রথম দিন বিকেলে তেতুলিয়া গ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকরা পৃথকভাবে ভোটের প্রচার চালাচ্ছিলেন। এ সময় প্রচারণাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে জামায়াত সমর্থকদের একটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে পুলিশ জানিয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় আবারও সংঘর্ষের আশঙ্কা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে বলে জানান ওসি। পুলিশ কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 2

আরো পড়ুন