Ridge Bangla

সিরাজগঞ্জে জামতৈল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটে যাওয়া এ আগুনে প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীদের দাবি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতে বাজারের একটি স্যানিটারি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ফার্নিচার, স্যানিটারি ও অন্যান্য মালামালের দোকানসহ কয়েকটি প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের উৎপত্তি।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছেন, অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। হঠাৎ এ অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে তারা এখন চরম দুশ্চিন্তায় পড়েছেন। ক্ষতির কারণে ঋণ পরিশোধ করাটাও তাদের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। তাই পুনরায় ব্যবসা দাঁড় করাতে এবং ক্ষতি কাটিয়ে উঠতে তারা প্রশাসনের সার্বিক সাহায্য কামনা করেছেন। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

This post was viewed: 31

আরো পড়ুন