ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরের সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে সেখানে ভর্তি করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আব্দুল আহাদ।
তিনি জানান, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ওসমান হাদিকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তার চিকিৎসা চলবে। এর আগে একই দিন বাংলাদেশ সময় বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। দুপুর দেড়টার কিছু আগে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে প্রবেশ করে অ্যাম্বুলেন্সটি। পরবর্তীতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হলে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করা হয়।
ওসমান হাদির সঙ্গে চিকিৎসা সহায়তায় সিঙ্গাপুর গেছেন তার ভাই ওমর বিন হাদি এবং বন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।