প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দলের স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের মাঠে সমান সুযোগ নিশ্চিতকরণ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিএনপি তাদের উদ্বেগ ও প্রস্তাব সিইসির কাছে তুলে ধরতে পারে। বিশেষ করে প্রচারণা চলাকালে রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা, প্রশাসনের নিরপেক্ষতা এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিএনপি নেতারা মনে করছেন, নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংলাপ নির্বাচনী আস্থার জন্য গুরুত্বপূর্ণ। এ বৈঠকের মাধ্যমে কমিশনের অবস্থান স্পষ্ট হওয়ার পাশাপাশি নির্বাচনের পরিবেশ নিয়ে দলটির উদ্বেগ কিছুটা হলেও লাঘব হতে পারে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের অংশ হিসেবেই এই বৈঠককে দেখছে। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন সংশ্লিষ্ট সব পক্ষের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।