কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৪ মে দিন নির্ধারণ করেছেন ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে প্রতিবেদন দাখিলের কথা থাকলেও, তদন্ত কর্মকর্তা তা জমা দিতে ব্যর্থ হন। এ কারণে আদালত নতুন তারিখ ঘোষণা করেন।
গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। মামলায় অভিনেতার স্ত্রী সামীরা হক ও খলনায়ক ডনসহ ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এছাড়া, অজ্ঞাতনামা আরও অনেককে অভিযুক্ত করা হয়েছে।
এর আগে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে গত ২০ অক্টোবর আদালতের নির্দেশে সেটি হত্যা মামলায় রূপান্তর হয়, যার ভিত্তিতেই নতুন করে এই মামলা দায়ের করা হয়।