Ridge Bangla

সালমান শাহ হত্যা মামলায় আগাম জামিন চাইবেন সামিরা হক

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর নতুন করে দায়ের হওয়া হত্যা মামলায় আলোচনায় এসেছেন তার সাবেক স্ত্রী সামিরা হক। আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) হাইকোর্টে আগাম জামিন চাওয়ার আবেদন করবেন তিনি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। প্রথমে ধারণা করা হয়েছিল তিনি আত্মহত্যা করেছেন। তবে পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা। দীর্ঘ তদন্তের পর গত ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় নতুন করে হত্যার মামলা করেন সালমান শাহর মা নীলা চৌধুরীর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম।

এ মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে আছেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, লতিফা হক লুসি ও চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনসহ আরও কয়েকজন।

জানা গেছে, জামিন শুনানির আগে মঙ্গলবার সকালে সামিরার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ হাইকোর্টে উপস্থিত ছিলেন এবং একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলেন।

এর আগে, তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান গত ২৭ অক্টোবর সামিরা হক ও খলনায়ক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর আদালতে শুনানির সময় প্রথমবারের মতো উপস্থিত হয়েছিলেন সামিরা হক। এর এক সপ্তাহ পর আদালতের নির্দেশে হত্যা মামলাটি রমনা থানায় দায়ের করা হয়। মামলার পর থেকেই গা ঢাকা দেন সামিরা। তবে মঙ্গলবার তার পক্ষ থেকে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হবে বলে নিশ্চিত করেছে আদালত-সংশ্লিষ্ট সূত্র।

This post was viewed: 197

আরো পড়ুন