Ridge Bangla

সালমান এফ রহমান ও সোহানুর রহমান সিয়ামের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর

ব্যাংক ঋণ জালিয়াতি এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ পৃথক দুটি আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম জানান, সালমান এফ রহমানের জন্য পাঁচ দিন এবং সিয়ামের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। রিমান্ড আবেদনের পক্ষে দুদক বিস্তারিত যুক্তি উপস্থাপন করে। অন্যদিকে আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত চার দিন করে রিমান্ডের সিদ্ধান্ত দেন।

সালমান এফ রহমানের বিরুদ্ধে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার করে স্কাইনেট অ্যাপারেলস নামের প্রতিষ্ঠানের নামে ভুয়া ঋণ ও তথাকথিত অ্যাকমোডেশন বিল তৈরি করে প্রায় ১৩৭ কোটি টাকা বিদেশে সরিয়ে নিয়েছেন। তদন্তে তার ছেলে ও ভাতিজার মালিকানাধীন দুবাইভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

বর্তমানে ভিন্ন মামলায় কারাবন্দি থাকায় এই মামলায় তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা তুলে ধরে দুদক। গত বছরের ৩ নভেম্বর সালমান এফ রহমানসহ মোট ২২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের এক সহকারী পরিচালক।

অন্যদিকে পিএসসির প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন।

This post was viewed: 40

আরো পড়ুন