বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভারপ্রাপ্ত উপাচার্যরা স্নাতক কিংবা স্নাতকোত্তর পাস শিক্ষার্থীদের সার্টিফিকেট দিতে পারবেন না। তবে উপাচার্য না থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত প্রো-ভিসি অথবা রেজিস্ট্রার সনদ দিতে পারবেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন–২০২৫ (সংশোধিত)-এর খসড়ায় এসব প্রস্তাব করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন–২০১০ এ উপাচার্য না থাকা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সনদ প্রদানে কোনো নিয়ম ছিল না। সংশোধিত নতুন বিধিতে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশোধিত আইনের খসড়ায় আচার্য কর্তৃক নিযুক্ত উপাচার্য কর্তৃক সনদপত্র স্বাক্ষরিত হওয়ার বিধান নির্দিষ্ট করা হয়েছে। এছাড়া মার্কশিট, ট্রান্সক্রিপ্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এটি পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক স্বাক্ষরিত হওয়ার বিধান রাখা হয়েছে। মূল একাডেমিক নথিতে স্বাক্ষরকারীর নাম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।