Ridge Bangla

সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

বঙ্গোপসাগরের লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এ অবস্থায় রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

রোববার (৮ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, এই সময়ের মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার আভাস দিয়েছে অধিদপ্তর। এ সময়ও উল্লিখিত বিভাগগুলোর দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

অন্যদিকে আগামী মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ওই সময় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

একই প্রবণতা বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও অব্যাহত থাকতে পারে। এ সময়ও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

This post was viewed: 2

আরো পড়ুন